বাতেনুজ্জামান জুয়েল :
রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে বাড়ি ফেরা ও কর্মস্থলে ফেরা যাত্রীদের অতিরিক্ত চাপের সুযোগ নিয়ে ভাড়া নৈরাজ্যের অভিযোগ উঠেছে। এ অভিযোগের ভিত্তিতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তিনটি পরিবহন সংস্থার এজেন্টকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে পরিচালিত অভিযানে মাদারীপুর–ঢাকা রুটে চলাচলকারী চন্দ্রা পরিবহন, সার্বিক পরিবহন ও সোনালী পরিবহনের কাউন্টারে দায়িত্বরত এজেন্টদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাজৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ নেওয়াজ শিশির। অভিযানে রাজৈর থানার পুলিশের একটি দল অংশ নেয়।
আদালত সূত্রে জানা যায়, নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি অর্থ আদায়ের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ জরিমানা আরোপ করা হয়। অভিযোগ ছিল, নির্বাচনের আগে ও পরে যাত্রীচাপ বেড়ে যাওয়ায় কিছু পরিবহন নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায় করছিল।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) বলেন, “ভোটকে কেন্দ্র করে সাধারণ মানুষের সঙ্গে কোনো ধরনের প্রতারণা বা হয়রানি বরদাশত করা হবে না। অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলবে। আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযানের পর বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীদের মধ্যে স্বস্তি দেখা যায়। কয়েকজন যাত্রী জানান, গত কয়েকদিন ধরে তাদের কাছ থেকে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছিল। এক যাত্রী বলেন, “নির্বাচনের সময় বাড়ি যেতে গিয়েই বেশি ভাড়া দিতে হয়েছে। আজ প্রশাসন ব্যবস্থা নেওয়ায় আমরা স্বস্তি পেয়েছি।” আরেক যাত্রী জানান, “এভাবে নিয়মিত অভিযান হলে কেউ আর বাড়তি ভাড়া নেওয়ার সাহস পাবে না।”
স্থানীয়রা মনে করছেন, প্রশাসনের এমন তৎপরতা অব্যাহত থাকলে নির্বাচনী সময়কে কেন্দ্র করে ভাড়া নৈরাজ্য অনেকটাই নিয়ন্ত্রণে আসবে এবং সাধারণ মানুষ ভোগান্তি থেকে রেহাই পাবে।
সম্পাদক : বাতেনুজ্জামান জুয়েল
Copyright © 2025 দেশবাংলা সংবাদ All rights reserved.