দেশবাংলা ডেস্ক
মাদারীপুরের রাজৈর উপজেলায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ঘটনাস্থলে থাকা ড্রেজার মেশিন ও পাইপ ভেঙে ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) রাজৈর উপজেলার শ্রীনদী ব্রিজের নিচে অবৈধ ড্রেজার মেশিন ব্যবহার করে নদী থেকে বালু উত্তোলন এবং পাইপের মাধ্যমে তা পরিবহনের সময় উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন রাজৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: নাহিদ নিয়াজ শিশির। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী অভিযুক্ত ইউনুস মোল্লাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযান চলাকালে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিন ও পাইপ ভেঙে সম্পূর্ণরূপে বিনষ্ট করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে এবং কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক : বাতেনুজ্জামান জুয়েল
Copyright © 2025 দেশবাংলা সংবাদ All rights reserved.