বাতেনুজ্জামান জুয়েল
মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে জাকির শেখ (৪৫) নামে এক ফল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ক্ষুব্ধ জনতা অভিযুক্তদের বাড়িতে অগ্নিসংযোগ করলে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) সকালে সালিশে অংশ নিতে মজুমদারকান্দি এলাকার নিজ বাড়ি থেকে বের হন জাকির শেখ। পরে তিনি আমগ্রাম মধ্যেপাড়া এলাকায় তার জামাতা রাসেল কাজীর বাড়িতে যান। স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার আব্দুল মজিদ খাঁর পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল।
এ বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে আব্দুল মজিদ খাঁর ছেলেরা দেশীয় ধারালো অস্ত্র—রামদা ও চাইনিজ কুড়াল দিয়ে জাকির শেখের ঘাড়ের ডান পাশে ও পিঠে এলোপাতাড়ি কোপ দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত জাকির শেখ রাজৈর বাসস্ট্যান্ডের ফল ব্যবসায়ী এবং মজুমদারকান্দি এলাকার নুরুজ্জামান শেখের ছেলে।
ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ জনতা অভিযুক্তদের দুটি পাকা বাড়ি ও চারটি টিনশেড ঘরে অগ্নিসংযোগ করে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
রাজৈর থানার অফিসার ইনচার্জ শেখ আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সম্পাদক : বাতেনুজ্জামান জুয়েল
Copyright © 2025 দেশবাংলা সংবাদ All rights reserved.