মোঃ রাজু
জেলা প্রতিনিধি: (রাজশাহী)
রাজশাহীর দুর্গাপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৭ হাজার ৩৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শামীম রেজা নামে এক ট্রাকচালককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর এক অভিযুক্ত পালিয়ে গেছেন।
সোমবার (১৯ অক্টোবর ২০২৬) রাজশাহী জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোঃ মামুন অর রশিদ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, দুর্গাপুর থানার গোপালপাড়া গ্রামে জনৈক আকরাম স্বর্ণকারের বসতবাড়ি সংলগ্ন পুরাতন পানহাটার সামনে পাকা রাস্তার ওপর একটি ট্রাকসহ দুই ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন।
পরে পুলিশ সুপারের নির্দেশে রাজশাহী জেলা ডিবি পুলিশের একটি চৌকস দল সেখানে অভিযান পরিচালনা করে। রাত ১টা ৫ মিনিটে অভিযান চালিয়ে ট্রাকচালক শামীম রেজাকে আটক করা হয়। এ সময় অপর অভিযুক্ত মোঃ জনি আলী কৌশলে পালিয়ে যান।
পরে বিধি মোতাবেক শামীম রেজার দেহ ও তাঁর ব্যবহৃত ট্রাক তল্লাশি করে ৭ হাজার ৩৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে ট্রাকটি জব্দ করে ডিবি পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তার শামীম রেজা ও পলাতক মোঃ জনি আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় রাজশাহীর দুর্গাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক : বাতেনুজ্জামান জুয়েল
Copyright © 2025 দেশবাংলা সংবাদ All rights reserved.