স্টাফ রিপোর্টার: মেহেদি হাসান সোহেল
মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের দারাদিয়া গ্রামে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহফুজুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে দারাদিয়া এলাকায় ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ আসছিল। অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে ঘটনাস্থলে থাকা ড্রেজার মেশিনটি ধ্বংস করা হয়। একই সঙ্গে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুল হক বলেন, ‘নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, অবৈধ বালু উত্তোলনের কারণে নদীর স্বাভাবিক প্রবাহ ও আশপাশের পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনার দাবি জানান।
সম্পাদক : বাতেনুজ্জামান জুয়েল
Copyright © 2025 দেশবাংলা সংবাদ All rights reserved.