এস এম সাখাওয়াত জামিল দোলন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২০ বোতল ভারতীয় নেশার সিরাপ এস্কাফ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তীতে এই তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ। অভিযানে এক যুবককে আটক করে পুলিশ। জব্দ করা হয় মাদক পাচারে ব্যবহৃত একটি মোটরসাইকেল।
আটক যুবক জেলার শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের দানিয়ালগাছি এলাকার জেরবানু ও রবিউল ইসলামের ছেলে রুবেল আলী (২৯)।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার জেলার গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের চর উদয়নগর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই এলাকার চৌডালা ব্রীজ সংলগ্ন টোলপ্লাজা'র সামনে বিকাল সাড়ে ৫টায় চেকপোষ্ট চলাকালীন মোটরসাইকেলে আসা যুবক রুবেলের আচরণ সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার লাল রংয়ের ১৬০ সিসি টিভিএস এ্যাপাচি আরটিআর (নবাবগঞ্জ-ল-১১-৬৫৩৯) মোটরসাইকেল তল্লাশী করে তেলের ট্যাংকির সাইড কভারের ভিতরে এবং এয়ার ফিল্টারের ফাঁকা জায়গায় বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ৮ হাজার টাকা মূল্যের ২০ বোতল ভারতীয় নেশার সিরাপ এস্কাফ উদ্ধার করা হয় এবং মাদক চোরাচালানে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আসামী রুবেল নিজেকে দোষী বলে স্বীকার করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণীর ১৪(ক)/৩৮ ধারার আসামীকে গোমস্তাপুর থানায় সোপর্দ করে মামলা দায়েরের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম. ওয়াসিম ফিরোজ।
সম্পাদক : বাতেনুজ্জামান জুয়েল
Copyright © 2025 দেশবাংলা সংবাদ All rights reserved.