সোহেল শিকদার, মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের সৈয়দনূর এলাকায় মানসিক ভারসাম্যহীন এক ছেলের হামলায় বিউটি বেগম (৫৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (১ আগস্ট) রাত আনুমানিক ১০টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত বিউটি বেগমের স্বামী আলী মাতুব্বর। অভিযুক্ত ছেলে করিম মাতুব্বর (২৫) মানসিক ভারসাম্যহীন বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ১০টার দিকে করিম মাতুব্বর তার মায়ের কাছে ভাত চান। এ সময় বিউটি বেগম কক্ষের দরজার নিচ দিয়ে প্লেটে করে ভাত দেন। এতে করিম ক্ষিপ্ত হয়ে গালিগালাজ শুরু করেন এবং দরজার নিচ দিয়ে মায়ের হাত টেনে ধরেন। একপর্যায়ে বিউটি বেগম দরজায় মাথায় আঘাত পান। পরে করিম কক্ষে প্রবেশ করে তাকে ধাক্কা দিলে দেয়ালে মাথার পেছনে আঘাত লাগে। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান বলে অভিযোগ রয়েছে। ঘটনার সময় একই কক্ষে বিউটি বেগমের স্বামী আলী মাতুব্বর উপস্থিত ছিলেন।
রোববার (২ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাটি জানাজানি হলে শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করেন।
এ বিষয়ে শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই হাসান জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। একই সঙ্গে অভিযুক্ত করিম মাতুব্বরকে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয়দের দাবি, করিম মাতুব্বর দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন এবং বিভিন্ন সময় তিনি তার মাকে মারধর করতেন।
সম্পাদক : বাতেনুজ্জামান জুয়েল
Copyright © 2025 দেশবাংলা সংবাদ All rights reserved.