সাইয়্যেদ মুহাম্মদ শান্ত-পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ে বৈষম্যবিরোধী, নাশকতা ও সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একাধিক মামলার এজাহারভুক্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি কাজী আল তারিককে (৪২) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
গ্রেপ্তার কাজী আল তারিক পঞ্চগড় পৌর আওয়ামী লীগের সভাপতি ও পঞ্চগড় সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, পঞ্চগড় সদর উপজেলার রামের ডাঙ্গা এলাকার শহিদুল হকের ছেলে কাজী আল তারিক ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ এলাকা থেকে বাসযোগে দিনাজপুরের বিরামপুর হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন।
এরপর পুলিশ সুপারের সার্বিক নির্দেশনায় পঞ্চগড় জেলা গোয়েন্দা শাখার একটি দল অভিযান পরিচালনা করে। পরে দিনাজপুরের বিরামপুর বাস টার্মিনাল এলাকায় হাইওয়ে পেট্রোল পুলিশের সহযোগিতায় ঢাকাগামী ‘আহাদ’ পরিবহনের একটি চলন্ত বাসে তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে শুক্রবার (৭ আগস্ট) রাত আনুমানিক ২টার দিকে বাস থেকে কাজী আল তারিককে গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত কাজী আল তারিকের বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় বৈষম্যবিরোধী, নাশকতা ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে। এছাড়া সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় দায়ের করা আরও একাধিক মামলা তদন্তাধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক : বাতেনুজ্জামান জুয়েল
Copyright © 2025 দেশবাংলা সংবাদ All rights reserved.