স্টাফ রিপোর্টার: মেহেদি হাসান সোহেল
মাদারীপুরের রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের সাধুরব্রীজ এলাকার বাসিন্দা সেলিম সরদারের বিরুদ্ধে মানবপাচারসহ বিভিন্ন অভিযোগ ও অপপ্রচার চালানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ আগস্ট) বিকেলে নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে সেলিম সরদার দাবি করেন, দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একটি পক্ষের সঙ্গে তার বিরোধ চলে আসছিল। প্রায় ২০ বছর ধরে চলা ওই বিরোধ পরবর্তীতে মামলা-মোকদ্দমার মাধ্যমে নিষ্পত্তি হলে তিনি তার ন্যায্য জমি বুঝে পান বলে দাবি করেন।
সেলিম সরদার জানান, পরবর্তীতে এলাকাবাসীর অনুরোধে তিনি স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করলে ওই বিরোধ আরও তীব্র হয়। এরপর তার জনপ্রিয়তা ক্ষুণ্ন করার উদ্দেশ্যে একটি পক্ষ তার বিরুদ্ধে মানবপাচারসহ বিভিন্ন মিথ্যা ও মানহানিকর অপবাদ প্রচার করছে এবং নির্বাচন থেকে বিরত থাকার জন্য হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে সেলিম সরদার বলেন, প্রায় চার-পাঁচ বছর আগে তার ছেলে ও শ্যালকের ছেলেকে বিদেশে পাঠানোর উদ্দেশ্যে মোস্তফাপুর এলাকার খোকন চোকদার নামে এক ব্যক্তির কাছে টাকা দেওয়া হয়েছিল। এর আগে তার মেঝো ছেলে রাজিব সরকারকেও একই ব্যক্তির মাধ্যমে অল্প সময়ের মধ্যে মাল্টা পাঠানো হয়েছিল বলে জানান তিনি।
তার দেখাদেখি স্থানীয় আরও কয়েকজন ব্যক্তি ওই ব্যক্তির কাছে বিদেশ যাওয়ার জন্য বিভিন্ন অংকের টাকা দেন বলেও সংবাদ সম্মেলনে দাবি করা হয়। সেলিম সরদারের ভাষ্য অনুযায়ী, টাকা নেওয়ার সময় খোকন চোকদার প্রত্যেক ব্যক্তিকে পৃথক চেক দেন। পরবর্তীতে টাকা নেওয়ার পর তিনি বাড়ি ছেড়ে চলে যান এবং এখন পর্যন্ত কারও টাকা ফেরত দেওয়া হয়নি।
সেলিম সরদার দাবি করেন, তিনিও ওই ঘটনায় একজন ভুক্তভোগী। অথচ বিষয়টিকে কেন্দ্র করে তার বিরোধীরা তাকে মানবপাচারের সঙ্গে জড়িত বলে প্রচার করছে, এতে তার সামাজিক ও পারিবারিক মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে।
সংবাদ সম্মেলনে সেলিম সরদার তার বিরুদ্ধে প্রচারিত মানবপাচারের অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে এর প্রতিবাদ জানান এবং অপপ্রচার বন্ধের আহ্বান জানান।
সংবাদ সম্মেলন শেষে সাধুরব্রীজ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বললে তারা সেলিম সরদারের বিরুদ্ধে মানবপাচারের অভিযোগের বিষয়ে তাদের জানা তথ্য অনুযায়ী অভিযোগটি সঠিক নয় বলে দাবি করেন।
এদিকে সেলিম সরদারের বিরুদ্ধে অভিযোগকারী হিসেবে উল্লেখিত উত্তমের একটি বক্তব্যও সাংবাদিকদের হাতে এসেছে। ওই বক্তব্যে সেলিম সরদারের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে ভিন্ন তথ্য উঠে এসেছে বলে সংশ্লিষ্টরা দাবি করেন।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত বা অভিযোগকারী অন্য পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে সংবাদে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।
সম্পাদক : বাতেনুজ্জামান জুয়েল
Copyright © 2025 দেশবাংলা সংবাদ All rights reserved.