স্টাফ রিপোর্টার : মোঃ আব্দুল আজিজ মিয়া
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও ১৪৪৮ হিজরি উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অম্পুর্ণা দেবনাথ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও দর্শন প্রতিটি মানুষের জন্য অনুসরণীয় আদর্শ। সমাজে শান্তি, সাম্য, ভ্রাতৃত্ববোধ ও মানবতা প্রতিষ্ঠায় মহানবীর শিক্ষা চিরন্তন। তাঁর মহান আদর্শ ব্যক্তি ও সমাজজীবনে চর্চার মাধ্যমে একটি সৌহার্দ্যপূর্ণ সমাজ গঠন করা সম্ভব।
সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, কর্ম ও আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, মহানবীর শিক্ষা অনুসরণ করে হিংসা-বিদ্বেষ ভুলে দেশ ও সমাজের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাঁর আদর্শ অনুসরণের মাধ্যমে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ আরও সুদৃঢ় করা সম্ভব।
আলোচনা সভায় বক্তব্য ও অংশগ্রহণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ার হোসেন মণ্ডল, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল হামিদ, সাবেক সেক্রেটারি নিজাম উদ্দিন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আব্দুর রাজ্জাক রনি, বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আলোচনা সভা শেষে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সম্পাদক : বাতেনুজ্জামান জুয়েল
Copyright © 2025 দেশবাংলা সংবাদ All rights reserved.