এস এম সাখাওয়াত জামিল দোলন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় পাসপোর্টধারী নাগরিকের লাগেজ থেকে বিপুল পরিমান ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা। রবিবার সন্ধ্যায় ৫৯ বিজিবি ব্যাটালিয়নের সোনামসজিদ বিওপির সদস্যরা কয়েকজন ভারতীয় নাগরিকের লাগেজ তল্লাশি করে বিপুল পরিমান ভারতীয় কসমেটিক্স, শাড়ী, মলম এবং কনফেকশনারী পণ্য জব্দ করে। বিষয়টি নিশ্চিত করেছেন মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি’র অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।
অধিনায়ক জানান, সম্প্রতি কিছু অসাধু ব্যবসায়ী ভারতের চোরাকারবারীদের সাথে যোগসাজশের মাধ্যমে সোনামসজিদ আইসিপি ব্যবহার করে রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ উপায়ে ভারতীয় পাসপোর্টধারী যাত্রীর মাধ্যমে ভারতীয় পণ্যসামগ্রী বাংলাদেশে প্রবেশ করানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এরই ধারাবাহিকতায় রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ব্যাটালিয়নের অধীনস্থ সোনামসজিদ আইসিপি চেকপোস্টে ভারতীয় পাসপোর্টধারী কয়েকজন যাত্রীর লাগেজ তল্লাসি করে রাজস্ব ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা ৩৯৭ পিস ভারতীয় কসমেটিক্স, ৯১ পিস ভারতীয় মলম, ২৪ পিস ভারতীয় কনফেকশনারী সামগ্রী এবং ৩ পিস ভারতীয় শাড়ী জব্দ করা হয়।
তিনি আরো জানান, জব্দকৃত পণ্য সামগ্রী প্রচলিত নিয়ম অনুযায়ী কাস্টমসে জমা দেয়া হয়েছে এবং একজন পাসপোর্টধারী যাত্রী মাল্টিপল ভিসায় বছরে ৩ বার ব্যাগেজ সুবিধা পেয়ে থাকলেও এই ভারতীয় যাত্রীগণ এ পর্যন্ত ৭ থেকে ৮ বার বাংলাদেশ ভ্রমন করেছেন। আর তাই চোরাচালানসহ যে কোন অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে বিজিবি’র জিরো টলারেন্স নীতি অনুসরন করে সীমান্ত পরিস্থিতি স্থিতিশীল ও স্বাভাবিক রাখতে সীমান্ত এলাকায় আভিযানিক কার্যক্রম বেগবান করা হয়েছে যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক : বাতেনুজ্জামান জুয়েল
Copyright © 2025 দেশবাংলা সংবাদ All rights reserved.