মোঃ সোহেল সিকদার মাদারীপুর প্রতিনিধি,
মাদারীপুর সদরের মঠেরবাজার এলাকায় পুলিশের একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় চার পুলিশ সদস্যসহ মোট ৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজন পথচারী রয়েছেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে আড়িয়াল খাঁলসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে
মাদারীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর আড়াইটার দিকে মঠেরবাজার এলাকায় পুলিশের একটি গাড়ি যাচ্ছিল। এ সময় সড়কে একটি শিশুকে বাঁচাতে গিয়ে গাড়িটির চালক নিয়ন্ত্রণ হারান বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। পরে গাড়িটি সড়কের পাশে উল্টে যায়।
দুর্ঘটনায় পুলিশের এক কনস্টেবল নিহত হন। এ ছাড়া চার পুলিশ সদস্যসহ আরও ছয়জন আহত হয়েছেন। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
মাদারীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা বলেন, দুপুর আড়াইটার দিকে আড়িয়াল খাঁলসংলগ্ন এলাকায় পুলিশের একটি গাড়ি সড়ক দুর্ঘটনায় পড়ে। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, একটি পথচারী শিশুকে বাঁচাতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে আমাদের একজন পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। পুলিশের চারজন সদস্যসহ মোট ১০ জন আহত হয়েছেন। আহতরা গুরুতর অবস্থায় থাকায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, অন্য কোনো গাড়ির সঙ্গে পুলিশের গাড়িটির সংঘর্ষ হয়েছিল কি না, কিংবা দুর্ঘটনার পেছনে অন্য কোনো কারণ ছিল কি না—সেটিও তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে স্থানীয় লোকজন ও পুলিশের সদস্যরা ছুটে আসেন। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
এদিকে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।
সম্পাদক : বাতেনুজ্জামান জুয়েল
Copyright © 2025 দেশবাংলা সংবাদ All rights reserved.