
আব্দুল্লাহ আল মামুন রনিক-পঞ্চগড় প্রতিনিধি:
সার্বজনীন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ অন্য কোনো উপায়ে গুজব ছড়ালে কঠোর ও তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এসআরবি’র কর্মকর্তা। তিনি জানান, গুজব শনাক্ত ও সত্যতা নিশ্চিত করতে এসআরবি’র একটি বিশেষ দল সার্বক্ষণিক মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে পঞ্চগড় সার্বজনীন কেন্দ্রীয় দুর্গামন্দির পরিদর্শনকালে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন এসআরবি’র রংপুর অঞ্চল (১৩ নম্বর ব্যাটালিয়ন)-এর সহকারী পুলিশ সুপার ও কোম্পানি কমান্ডার (সিপিসি-২) মো. আবু রোহানী পারভেজ রনি।
আইনশৃঙ্খলার সামগ্রিক পরিস্থিতি তুলে ধরে সহকারী পুলিশ সুপার মো. আবু রোহানী পারভেজ রনি বলেন, “বর্তমানে দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতার কোনো আশঙ্কা নেই। পূজামণ্ডপগুলোতে সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে।” কোনো ধরনের ভ্রান্ত তথ্যে বিভ্রান্ত না হতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানোর পাশাপাশি গুজব প্রতিরোধে সঠিক তথ্য যাচাই-বাছাই করে সংবাদ প্রকাশের জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি অনুরোধ জানান তিনি।
পরিদর্শনকালে এসআরবি’র অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দসহ পঞ্চগড় সার্বজনীন কেন্দ্রীয় দুর্গামন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রদীপ রায়, সাধারণ সম্পাদক রনিক চন্দ্র এবং স্থানীয় পূজামণ্ডপের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply