
মাহামুদুল হাসান রনি
স্টাফ রিপোর্টার
মাদারীপুর সদর উপজেলার শ্রীনদী মিরাকান্দি এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে পিকআপ, চাইনিজ কুড়াল ও লোহার কাটারসহ দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনার তত্ত্বাবধানে শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাজেদুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে মাদারীপুর সদর থানাধীন মিরাকান্দি এলাকার মজিবর মেম্বারের বাড়ির সামনের সড়কে সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা একটি পিকআপ ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে পুলিশ দুইজনকে আটক করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— হাচিবুল হাসান জসিম মোল্লা (৩০), পিতা হারেজ মোল্লা, মাতা সুফিয়া বেগম, গ্রাম মীরাকান্দি, থানা সালথা, জেলা ফরিদপুর এবং মজনু শেখ (৩৫), পিতা মুন্নাফ শেখ, মাতা স্বপ্না বেগম, গ্রাম পশ্চিম গঙ্গাবদ্দী, থানা কোতোয়ালী, জেলা ফরিদপুর।
পুলিশ তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, একটি লোহার কাটার ও একটি পিকআপ জব্দ করে। এ ঘটনায় মাদারীপুর সদর মডেল থানায় পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় মামলা নং-৫০, তারিখ ১৪ জুন ২০২৬ রুজু করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। পাশাপাশি পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
জেলা পুলিশ আরও জানিয়েছে, মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে তাদের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Leave a Reply