
মেহেদি হাসান সোহেল, স্টাফ রিপোর্টার
মাদারীপুরের রাজৈর উপজেলায় ঐতিহাসিক ‘জুলাই শহীদ দিবস’ যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজৈর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহফুজুল হক।
আলোচনা সভায় বক্তব্য রাখেন রাজৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আমিনুল ইসলাম, রাজৈর উপজেলা বিএনপির সভাপতি মো. ওহাব আলী মিয়া, সাধারণ সম্পাদক কাজী জাহিদুর রহমান (লেবু), আরিফ হাওলাদার, আলী আহম্মাদ আকন, আবুল হাসান খান, বদরপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুক হাওলাদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বাদশা ফয়সাল এবং উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় সাহাসহ অন্যান্য অতিথিবৃন্দ।
এ সময় জুলাই শহীদ পরিবারের সদস্যবৃন্দ, জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী বীর যোদ্ধারা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের আত্মদান দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের সংগ্রামে এক অনন্য প্রেরণা হয়ে থাকবে। শহীদদের স্বপ্নের বৈষম্যহীন, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।
আলোচনায় ২০২৪ সালের ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাঈদের শাহাদাতের ঘটনাও স্মরণ করা হয়। বক্তারা বলেন, তাঁর আত্মত্যাগের পর আন্দোলন দেশব্যাপী নতুন গতি লাভ করে এবং গণঅভ্যুত্থানের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
Leave a Reply