
দেলোয়ার হোছেন রশিদী লোহাগাড়া (চট্টগ্রাম)
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চট্টগ্রামের লোহাগাড়ায় বর্ণাঢ্য আনন্দ মিছিল, র্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো। এতে কয়েক হাজার নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
বুধবার (৫ আগস্ট) বিকেলে লোহাগাড়া উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল এবং অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির শুরুতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীরা আমিরাবাদ ইউনিয়ন পরিষদ মাঠে সমবেত হন।
পরে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের আমিরাবাদ পুরাতন বিওসি এলাকা থেকে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল ও র্যালি বের করা হয়। র্যালিটি মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন থানা এলাকায় ঘুরে পুনরায় নির্ধারিত স্থানে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা দলীয় স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা।
র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম. এ. কাশেম। সভা পরিচালনা করেন উপজেলা শ্রমিক দলের সভাপতি এস. এম. জাকারিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য এস. এম. ছলিম উদ্দিন খোকন চৌধুরী।
এ সময় আরও উপস্থিত ছিলেন লোহাগাড় প্রেস ইউনিটের সভাপতি নুরুল আলম কোঃ ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এ. আবদুর রহিম, এস. এম. আবু সাঈদ চৌধুরী টিটু, উপজেলা যুবদলের সদস্য সচিব রাশেদুল হক, যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মুসলিম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব এ কে এম রমজানুল কবির চৌধুরী জয়সহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী।
আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের ভোটাধিকার এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এ চেতনা ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অতীতের মতো ভবিষ্যতেও জনগণের পাশে থেকে কাজ করে যাবে।
শেষে দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতান্ত্রিক অগ্রযাত্রা কামনা করে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
Leave a Reply