
স্টাফ রিপোর্টার মোঃ আব্দুল আজিজ মিয়া
কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং টেকসই ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে কমিউনিটি ঝুঁকি মূল্যায়ন (সিআরএ) বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে বাস্তবায়নাধীন জলবায়ু সহনশীলতা এবং দারিদ্র্য বিমোচনের জন্য পুষ্টির বৃদ্ধি (সি-র্যাঙ্গপু) প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়। সভায় জলবায়ু পরিবর্তনের প্রভাব, স্থানীয় ঝুঁকি চিহ্নিতকরণ এবং তা মোকাবিলায় করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানের অংশ হিসেবে পরিবেশ রক্ষা ও সবুজায়ন জোরদার করতে বিভিন্ন পেশার মানুষের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়।
বৃক্ষ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হলোখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মো. রেজাউল করিম রেজা। তিনি স্থানীয় জনগণকে পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ ও পরিচর্যার বিকল্প নেই।
এ সময় ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, আরডিআরএস বাংলাদেশের কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার বিভিন্ন পেশাজীবী ও সচেতন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় স্থানীয় জনগণের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং মানুষের জীবন-জীবিকার সুরক্ষায় সম্মিলিত উদ্যোগ ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্থানীয়দের হাতে ফলজ ও বনজ গাছের চারা তুলে দেওয়ার মধ্য দিয়ে আয়োজিত এ কর্মসূচি এলাকায় পরিবেশ সচেতনতা বৃদ্ধির পাশাপাশি জলবায়ু সহনশীল সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।
Leave a Reply