
বাতেনুজ্জামান জুয়েল
বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের উদ্যোগে মাদারীপুরের রাজৈর উপজেলায় ৩৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, শিক্ষকদের অধিকার আদায়, পেশাগত মর্যাদা রক্ষা এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয়ে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসিবুল হাসান হাওলাদার। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।
সভায় বক্তব্য রাখেন পপুলার হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জবান এনামুল হক খান, খালিয়া রাজারাম ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশিস কুমার কুন্ড এবং উল্লাবাড়ী ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিপ্লব কুমার মন্ডল। বক্তারা বলেন, দেশের বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব আব্দুর রহমান (বাহার)। তিনি তার বক্তব্যে বলেন, শিক্ষক সমাজের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা প্রতিষ্ঠায় সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করতে হবে। পাশাপাশি শিক্ষক-কর্মচারীদের বিভিন্ন দাবি আদায়ে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
বিকেল ৪টায় অনুষ্ঠিত আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে ৩৫ সদস্যবিশিষ্ট রাজৈর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসিবুল হাসান হাওলাদারকে আহ্বায়ক এবং কাশিমপুর উচ্চ বিদ্যালয়ের নজরুল ইসলাম খানকে সদস্য সচিব নির্বাচিত করা হয়।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, রাজৈর উপজেলার বেসরকারি শিক্ষক-কর্মচারীদের স্বার্থ সংরক্ষণ, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং শিক্ষকদের বিভিন্ন সমস্যা সমাধানে এ কমিটি সক্রিয় ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষাকর্মচারী ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply