
এস এম সাখাওয়াত জামিল দোলন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
“আর্ত মানবতার সেবায় বিজিবি” শ্লোগানে সীমান্তের বেকার যুবকদের কর্মসংস্থান ও আত্মনির্ভরতায় মোবাইল সার্ভিসিং কাজের উদ্বোধন করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। সোমবার (২৭ জুলাই) দুপুরে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির উদ্দ্যোগে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়ন পরিষদ চত্বরে মাসব্যাপি এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সীমান্ত ডিজিটাল স্কিল সেন্টারের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনের সংসদ সদস্য ডক্টর কেরামত আলী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সীমান্ত জুড়ে মাদক চোরাচালান এবং অনৈতিক কাজের ব্যাপকতা বিস্তৃত হয়েছে। এটা সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তগুলোতে তারকাটা না থাকায় সীমান্তবর্তী যুব সমাজ যাদের দেশকে কিছু দেয়ার সামর্থ আছে তারা প্রকৃত শিক্ষা ও প্রশিক্ষণের অভাবে অপরাধের পথে পা বাড়াচ্ছে। আর তাই বিজিবির এমন উদ্দ্যোগের ভূয়শী প্রশংসা করে সীমান্ত এলাকা সমূহে এমন ছোট ছোট প্রশিক্ষণ অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী বলেন, সীমান্ত এলাকার যুব সমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং চোরাচালানসহ অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতেই বিজিবি সীমান্ত ডিজিটাল স্কিল সেন্টার পরিচালনা করছে। এই সেন্টারে প্রশিক্ষণার্থীদের মোবাইল ফোনের হার্ডওয়্যার ও সফটওয়্যার ত্রুটি নির্ণয়, মেরামত, রক্ষণাবেক্ষণ এবং আধুনিক মোবাইল সার্ভিসিং বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হবে। এরই ধারাবাহিকতায় প্রথম পর্যায়ে সপ্তাহে ৩ দিন করে মাসব্যাপি সীমান্তবর্তী এলাকার নির্বাচিত ২৫ জন যুবককে এই প্রশিক্ষণ দেয়া হবে।
তিনি আরো বলেন, এই প্রশিক্ষণ কর্মসূচি সীমান্তবর্তী এলাকার যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি, জীবনমান উন্নয়ন এবং চোরাচালান প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখবে। আর তাই ভবিষ্যতেও মানবকল্যাণ ও সীমান্ত এলাকার সামাজিক-অর্থনৈতিক উন্নয়নে এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি।
উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে, অতিরিক্ত পুলিশ সুপার একরামুল হক, ইউপি চেয়ারম্যান নেজামুল হকসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply