
স্টাফ রিপোর্টার: মোঃ আব্দুল আজিজ মিয়া
কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের কর্পুরা সদরপাড়া গ্রামে নদীভাঙন দেখা দেওয়ায় হুমকির মুখে পড়েছে বসতবাড়ি, কবরস্থান ও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ আশপাশের গুরুত্বপূর্ণ স্থাপনা। নদীর তীরবর্তী এলাকায় ভাঙন অব্যাহত থাকায় স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ।
সরেজমিনে দেখা যায়, নদীর তীর রক্ষায় বিভিন্ন স্থানে বালুভর্তি জিও ব্যাগ ফেলা হয়েছে। তবে নদীর ভাঙন প্রতিরোধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে আরও বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
কর্পুরা সদরপাড়া গ্রামের বাসিন্দা মোঃ শফিকুল ইসলাম, যিনি অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল, বলেন, নদীর তীরের কাছেই তাদের বাড়ি এবং তার দাদা-দাদির কবর রয়েছে। নদীভাঙন যেভাবে এগিয়ে আসছে, তাতে কবরস্থানটি রক্ষা করা নিয়ে তিনি শঙ্কিত।
তিনি বলেন, “নদীভাঙন রোধে দ্রুত কাজ করা সম্ভব হলে আমার দাদা-দাদির কবরের স্থানটি রক্ষা করা যাবে। পাশাপাশি এখানকার অনেক বসতবাড়িও রক্ষা পাবে।”
স্থানীয়দের দাবি, ভাঙনরোধে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে শুধু কবরস্থান ও বসতবাড়িই নয়, আশপাশের তিনটি প্রাথমিক বিদ্যালয়ও ঝুঁকির মুখে পড়তে পারে। এর মধ্যে কর্পুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে বলে স্থানীয়রা জানান।
স্থানীয়দের মতে, নদীভাঙন প্রতিরোধে জরুরি ভিত্তিতে স্থায়ী ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হলে কবরস্থান, শিক্ষা প্রতিষ্ঠান এবং নদীতীরবর্তী সাধারণ মানুষের বসতবাড়ি রক্ষা করা সম্ভব হবে।
এ অবস্থায় নদীভাঙনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
Leave a Reply