
লোহাগাড়া প্রতিনিধি :
চট্টগ্রামের লোহাগাড়ায় এসএসসি পরীক্ষায় ১২৫০ নম্বরের মধ্যে ১১৮০ নম্বর পেয়ে উপজেলায় প্রথম স্থান অর্জন করেছে পদুয়া এ.সি.এম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নাতাশা নাওরিন ফৌজিয়া। নাতাশার এই সাফল্যে আনন্দিত তার পরিবার, শিক্ষক ও বিদ্যালয় কর্তৃপক্ষ। ফল প্রকাশের পর থেকেই তাকে অভিনন্দন জানাচ্ছেন সহপাঠী, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা। নাতাশা নাওরিন ফৌজিয়ার বাবা লোহাগাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. সাইফুল্লাহ চৌধুরী এবং মা গৃহিণী ফরিদা ইয়াছমিন। মেয়ের এমন সাফল্যে তারা আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন।শিক্ষাজীবনের শুরু থেকেই মেয়েকে নিয়মিত পড়াশোনায় উৎসাহ দেওয়া এবং তার প্রয়োজন অনুযায়ী সহযোগিতা করার চেষ্টা করেছেন বলে জানান তারা। নাতাশার মতে, নিয়মিত পড়াশোনা, সময়ের সঠিক ব্যবহার, আত্মবিশ্বাস এবং পরিবারের পাশাপাশি শিক্ষকদের সহযোগিতাই তার ভালো ফলাফলের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এসএসসিতে ভালো ফল করার জন্য সে নিয়মিত পড়াশোনার পাশাপাশি নিজের দুর্বল বিষয়গুলোতে বাড়তি গুরুত্ব দিয়েছে। পদুয়া এ.সি.এম উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা জানান, নাতাশা পড়াশোনায় মনোযোগী ও নিয়মিত শিক্ষার্থী। তার এই ফলাফল বিদ্যালয়ের জন্যও গর্বের বিষয়। শিক্ষকরা তার ভবিষ্যৎ শিক্ষাজীবনের সাফল্য কামনা করেছেন। উপজেলায় প্রথম হয়ে নাতাশা নাওরিন ফৌজিয়া এখন উচ্চশিক্ষার দিকে এগিয়ে যেতে চায়। ভবিষ্যতে নিজের পছন্দের বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশ ও সমাজের জন্য কাজ করার স্বপ্ন রয়েছে তার। মেয়ের সাফল্যে বাবা মো: সাইফুল্লাহ চৌধুরী বলেন,মহান আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আমার মেয়ে নাতাশা নাওরিন ফৌজিয়া এসএসসি পরীক্ষায় লোহাগাড়া উপজেলায় প্রথম স্থান অর্জন করেছে। এজন্য সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। এই সাফল্যের পেছনে তার মায়ের আন্তরিক প্রচেষ্টা ও অনুপ্রেরণা, বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক-শিক্ষিকাদের দিকনির্দেশনা, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের দোয়া এবং সর্বোপরি আমার মেয়ের একাগ্রতা ও অক্লান্ত পরিশ্রম রয়েছে। যারা নাতাশার জন্য দোয়া, ভালোবাসা ও উৎসাহ দিয়েছেন-সবার প্রতি আমাদের পরিবারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। মহান আল্লাহ যেন নাতাশাকে একজন আদর্শ, সৎ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে ওঠার তাওফিক দান করেন এবং তার ভবিষ্যৎ পথচলা সফল ও সুন্দর করেন।
নাতাশার এই অর্জন শুধু তার পরিবারের জন্যই নয়, তার শিক্ষাপ্রতিষ্ঠানের জন্যও আনন্দের। তার সাফল্য লোহাগাড়ার অন্য শিক্ষার্থীদেরও পড়াশোনায় আরও মনোযোগী হতে উৎসাহিত করবে বলে প্রত্যাশা তার পরিবারের।উল্লেখ্য যে,নাতাশা নাওরিন ফৌজিয়া লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবদুল কাইয়ুম এর ভাতিজী।
Leave a Reply