
মোঃ রাজু
(রাজশাহী) প্রতিনিধি:
সম্পত্তি হস্তান্তর আইন সংশোধন করে নতুন বিধান সংযোজন করায় আইনমন্ত্রীর প্রশংসা করেছেন অ্যাডভোকেট মায়া আক্তার। তিনি বলেন, সংশোধিত আইনে যে বিধানটি আনা হয়েছে, মুসলিম আইনে পরিবর্তিত আকারে এর প্রচলন অনেক আগে থেকেই ছিল।
তিনি বলেন, একজন মুসলিম ব্যক্তি দানকৃত সম্পত্তির লভ্যাংশ জীবদ্দশায় ভোগ করার কিংবা দানের মাধ্যমে তাকে আজীবন ভরণপোষণ দেওয়ার মতো শর্তসাপেক্ষে সম্পত্তি দান করতে পারতেন। তবে দাতা সাধারণত দখল নিজের কাছে সংরক্ষণ করতে পারতেন না। কারণ, দানের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো ‘Delivery of Possession’, অর্থাৎ দখল হস্তান্তর।
অ্যাডভোকেট মায়া আক্তার বলেন, “এখন থেকে দাতা দখল হস্তান্তর না করেও তা নিজের কাছে সংরক্ষণ করে সম্পত্তি দান করতে পারবেন।”
সংশোধিত এই বিধানের বিষয়ে অ্যাডভোকেট মায়া আক্তার বলেন, বর্তমান সমাজব্যবস্থায় অনেক সন্তান রয়েছেন, যারা বাবা-মায়ের ওপর নির্যাতন বা চাপ প্রয়োগ করে তাদের কাছ থেকে সম্পত্তি হেবা বা দান করে নেওয়ার চেষ্টা করেন। আবার অনেক ক্ষেত্রে সম্পত্তি দান করে দেওয়ার পর বাবা-মায়ের আর কোনো খোঁজখবরও রাখেন না।
তিনি বলেন, “হয়তো মানবিক দৃষ্টিকোণ থেকেই আইনমন্ত্রী এই বিধানটি নিয়ে এসেছেন। তাঁর এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।”
তিনি আরও বলেন, সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে দাতা ও গ্রহীতার অধিকার এবং পারিবারিক সম্পর্কের বিষয়গুলো বিবেচনায় নিয়ে এ ধরনের আইনগত সুরক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
Leave a Reply