
নিজস্ব প্রতিনিধি: মেহেদি হাসান সোহেল
মাদারীপুরের রাজৈর উপজেলায় মাদক বিরোধী অভিযানে ৯০০ গ্রাম গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দক্ষিণ খালিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির নাম নমিতা বাড়ৈ (৩৫)। তিনি দক্ষিণ খালিয়া গ্রামের রতন বাড়ৈর স্ত্রী।
থানা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নমিতা বাড়ৈ মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে রাজৈর থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম ও এসআই নজরুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স দক্ষিণ খালিয়া এলাকায় এ অভিযান চালায়।
এ বিষয়ে দৈনিক যায়যায়দিনকে অফিসার ইনচার্জ মো আমিনুল ইসলাম বলেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাকে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।’
Leave a Reply